ফ্রান্স বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সর্বাঙ্গীণ সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ নভেম্বর ২০২৫, জুমার নামাজের পরে ফ্রান্সের অভারভিলা অঞ্চলের বাংলাদেশ কমিউনিটি মসজিদ, অভারভিলা জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে ফ্রান্স বিএনপির শীর্ষ এবং সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ তাহের, সহসভাপতি এইচ এম রহিম, সহসভাপতি রহুল আমিন আবদুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জামাল, মাহবুবুল আলম রাংগা, জাহাঙ্গীর আলম মিলন, মুহাম্মদ ছাদ মিয়া, ফরিদ মিয়া, যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এস এম মিল্টন সরকার , ফ্রান্স যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল কদ্দুস এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী।
বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার জাতীয় রাজনীতিতে অবদান, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে তাঁর দীর্ঘ সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন—তার বিস্তারিত তুলে ধরেন। বক্তারা বলেন, বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন আপোষহীন, দূরদর্শী ও সাহসী নেত্রী, যিনি জাতির সংকটময় মুহূর্তে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অটুট অবস্থান ধরে রেখেছেন। দেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
বক্তারা আরও বলেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দ্রুত উন্নতি শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ ও ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আলোচনার শেষে মসজিদের ইমামের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু, সুস্থতা এবং বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। উপস্থিত সবাই গভীর আন্তরিকতার সঙ্গে দোয়ায় অংশ নেন।
অনুষ্ঠান শেষে ফ্রান্স বিএনপির নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সব নেতা-কর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জানান।