ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে, ফজরের নামাজের কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেন। বিষয়টি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চিকিৎসা গ্রহণের মধ্যেই আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছেন। কারাবরণ, নির্যাতন এবং দীর্ঘ অসুস্থতার মধ্যেও তিনি কখনো আপস করেননি বলে মনে করেন তাঁর অনুসারীরা।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালকে শুধু বিএনপির নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফ্রান্স বিএনপি, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স, স্বেচ্ছাসেবক দল ফ্রান্স সহ বিভিন্ন অঙ্গসংগঠন।
ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপসহীন নেতৃত্বের এক অনন্য উদাহরণ।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।